প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

সোহেল রানা,স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ। ১৪ আগস্ট রাতে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল নগরীর বিন্দুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে রাজশাহী জেলার মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে মো. ওবায়দুল হোসেন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ির একটি দল মালদা কলোনী এলাকায় অভিযান চালায়।
এ সময় বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে মো. রিফাত (২০)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির আরেকটি দল মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একই গ্রামের নওশাদ আলীর ছেলে মো. আরিফ হোসেন ডলার (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
© দৈনিক চেতনার কন্ঠ